ফুলবাড়িয়া
১৬ বছর আত্মগোপনে, অবশেষে ধরা ডাকাতি মামলার আসামি

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা ডাকাতি মামলার পলাতক আসামি মুক্তার আলীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চৌদার পশ্চিমপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ আদালতে পাঠানো হয় তাকে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০ সালে গাজীপুরের কালিয়াকৈর থানার একটি ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে মুক্তার আলী গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। পরে আদালত থেকে জামিন নিয়ে চলে যান আত্মগোপনে। ১৬ বছর আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অবস্থান করছিলেন বিভিন্ন স্থানে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফুলবাড়িয়া থানার এসআই লিটনের নেতৃত্বে এসআই শুভ্র সাহা ও এএসআই শামীম চৌদার পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন তাকে।
ফুলবাড়িয়া থানার ওসি মো. রাশেদুল হাসান জানিয়েছেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকা ডাকাতি মামলার পলাতক আসামি মুক্তার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।



