বাড়ি ফেরা হলো না আইনজীবীর
পঞ্চগড় প্রতিনিধি

সংগৃহীত ছবি
পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে সোলায়মান হক (৩৬) নামে এক আইনজীবীর। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান জেলার বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে ও পঞ্চগড় জজ কোর্টের একজন আইনজীবী ছিলেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বিকেলে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আহমদনগর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ওসি জানান, ট্রাকটি আটক করা হলেও পালিয়ে যায় চালক ও সহকারী। তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



