আ. লীগের সাবেক এমপি সফুরা বেগম গ্রেপ্তার
লালমনিরহাট প্রতিনিধি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তথ্যটি জানিয়েছেন জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান।
গ্রেপ্তার সফুরা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তার বাড়ি লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকায়। সংরক্ষিত নারী আসন-২ এর (লালমনিরহাট-কুড়িগ্রাম) সংসদ সদস্য ছিলেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সফুরাকে। লালমনিরহাট থানা পুলিশের এই অভিযানে সহায়তা করেছে স্থানীয় পুলিশ।
নাশকতা ও হত্যাসহ পাঁচ মামলার আসামি সফুরা বেগম। চব্বিশের ৫ আগস্টের পর থেকে তিনি ছিলেন আত্মগোপনে। গ্রেপ্তারের পর তাকে নেয়া হয়েছে লালমনিরহাটে।



