জানালার গ্রিল কেটে দোহারে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা

ছবি: আগামীর সময়
ঢাকার দোহার উপজেলায় একটি বসতবাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে সংঘবদ্ধ ডাকাত দল স্বর্ণালংকার ও টাকা লুট করেছে বলে পাওয়া গেছে অভিযোগ।
গতকাল বুধবার শেষ রাতের দিকে উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিমচর বেলতলা এলাকায় ঘটে এ ঘটনা।
ভুক্তভোগী জামাল উদ্দিন তালুকদার অর্পণ জানান, রাতের শেষভাগে ৯ থেকে ১০ জনের একটি দল জানালার গ্রিল কেটে ঢোকে ঘরে। পরে তারা পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫৫ ভরি স্বর্ণালংকার, ৩ লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন নিয়ে যায় লুট করে।
ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এখনো থানায় পাওয়া যায়নি লিখিত অভিযোগ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



