মহিপালে ১১ হত্যা
ফেনীতে টমটমচালক সবুজ হত্যা মামলার চার্জ গঠন

গ্রাফিকস: আগামীর সময়
ফেনীর মহিপালে টমটম চালক সবুজ হত্যা মামলায় চার্জ গঠন করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবীর আদালতে এ আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান। আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আগামী ২৩ জুন।
মামলায় ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-৩ আসনের এমপি মাসুদ উদ্দিন চৌধুরীসহ মোট ১২৪ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ৪৬ জন জামিনে রয়েছেন, ৮ জন কারাগারে আছেন এবং ৭০ জন পলাতক।
আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অবস্থান নেন। এ সময় তৎকালীন সরকারি দলের কর্মীরা এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলে ৮ জন নিহত হন। পরে হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে টমটমচালক সবুজও ছিলেন, যিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান ঘটনাস্থলেই।
সবুজ লক্ষ্মীপুরের বাসিন্দা হলেও ফেনী সার্কিট হাউস রোডের একটি কলোনিতে বসবাস করতেন। ঘটনার ৯ দিন পর, ১৩ আগস্ট তার ভাই ইউসুফ ফেনী মডেল থানায় ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ নভেম্বর ফেনী থানার উপ-পরিদর্শক ফারুক মিয়া ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় দুই আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি।
চার্জ গঠনের সময় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হাসান, শরফুদ্দিন মানিক, নুর হোসেন, শাহজাহান সাজু ও ফজলুল হক ছোটন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান।



