ঠাকুরগাঁওয়ে হবে মেডিক্যাল কলেজ : এলজিআরডি মন্ত্রী

সংগৃহীত ছবি
জেলার স্বাস্থ্যসেবা উন্নয়নে ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান তিনি, কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
মেডিক্যাল কলেজের জন্য জায়গা ঠিক করা হয়ে গেছে বলে এসময় জানালেন মন্ত্রী।
তার প্রত্যাশা, ‛মেডিক্যাল কলেজ হলে স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে। এরপর এই ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নতি করা হবে। যাতে এলাকার মানুষ স্বাস্থ্য সেবা পায়। আমরা সবসময় সজাগ থাকব।’
পরিদর্শনে জেনারেল হাসপাতালকে পরিষ্কার-পরিছন্ন দেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। স্বাস্থ্যসেবার মান বাড়ানোর জন্য যা কিছু প্রয়োজন, সরকারকে তা জানাতে হাসপাতাল সুপারকে নির্দেশ দিয়েছেন তিনি।
‛আমাদের জানালে আমরা সেভাবে সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দেব। এছাড়া জেলা প্রশাসকের পক্ষে থেকে হাসপাতালে আরেকটি লিফটের ব্যবস্থা করে দেওয়া হবে। আমি হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব স্বাস্থ্যব্যবস্থাটা যাতে এই জেলায় ভালো হয় এবং সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়। সেই অনুয়ায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি।’
দীর্ঘদিন হাসপাতালে কর্মরতদের সুযোগ-সুবিধার বিষয়টিও দেখার কথা জানালেন মির্জা ফখরুল।
‘খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকারে আসার মাত্র দুই সপ্তাহ হলো। এর মধ্যে নিশ্চয়ই আমরা সব ঠিক করে ফেলব’- যোগ করেন স্থানীয় সরকার মন্ত্রী।

