পটুয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক
- তাদের দুজনের বিরুদ্ধেই ছিল অর্থ আত্মসাতের অভিযোগ

ফয়সাল বাদশা
পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে মো. ফয়সাল বাদশা নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে শহরের সবুজবাগ ১০ নম্বর লেনের বাসা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
নিহত ফয়সাল ওই এলাকার সফট বাইট প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা ও পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ফয়সালের রুমমেট ও সহকর্মী নাইমুল ইসলাম চয়ন।
ফয়সালের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফয়সালের সহকর্মীরা জানান, বুধবার সকাল থেকে ফয়সালের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বিকালে তার বাসায় যান তারা। সেখানে খাটের পাশে মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন সহকর্মীরা।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পলাতক চয়নের খোঁজে তথ্যপ্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে অভিযান অব্যাহত আছে।
স্থানীয়রা ও সফট বাইট কর্তৃপক্ষ জানায়, ফয়সালের বিরুদ্ধে সফট বাইটের ৮ লাখ টাকা ও চয়নের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছিলেন দুজনেই।



