ধান কাটতে গিয়ে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে তিন কৃষক হারিয়েছেন প্রাণ। আজ বুধবার (৬ মে) বিকালে ঘটে এই ঘটনাগুলো। নিশ্চিত করেছেন মহাদেবপুর ও নিয়ামতপুর থানার ওসি।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেছেন, মহাদেবপুরের খাজুর মাঠে বুধবার বিকালে বোরো ধান কাটছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ শুরু হয় ঝড়-বৃষ্টি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক দিলীপ চন্দ্র বর্মণ মারা যান। তার বাড়ি খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে।
নিয়ামতপুর থানার তথ্য, উপজেলার হাজীনগর মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান সেখানকার এক শ্রমিক। তার পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
প্রায় একই সময়ে উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে ধান কেটে ঘরে নেওয়ার সময় বজ্রপাতে মৃত্যু হয় অনুকূল চন্দ্র মাহন্ত নামে আরেক কৃষকের। এসব জানিয়েছেন থানার ওসি মাহাবুবুর রহমান।



