বাসের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের ভালুকায় দ্রুতগতির বাসের ধাক্কায় এক শ্রমিক নিহত ও আরেক শ্রমিক হয়েছেন আহত।
দুর্ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর সদরের বাঘরাপাড়া এ আর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কে।
নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪৫)। আহত ব্যক্তির নাম ফারুক মিয়া (৪২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল একটি ইট ভাঙার লরি। ওই সময় ময়মনসিংহগামী আব্দুল্লাহ পরিবহনের একটি বাস লরিকে ধাক্কা দেয় পেছন থেকে। এতে লরি থেকে ছিটকে পড়ে দুই শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। আর ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বলা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে।
ভালুকা হাইওয়ে থানার পরিদর্শক ইশতিয়াক আহমেদ জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। ড্রাইভার সাইদকে আটকসহ বাসটি জব্ধ করা হয়েছে। বাসের বেপরোয়া গতির কারণে ঘটেছে এই দুর্ঘটনা।



