শরীয়তপুরে অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল নারীর

ছবিঃ আগামীর সময়
শরীয়তপুরে অরক্ষিত একটি সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে মারা গেছেন রোজিনা বেগম (৩৫) নামের এক নারী।
আজ সোমবার সকালে পৌরসভার চরপালং কীর্তিনাশা নদীর পাড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা চরপালং এলাকার বাসিন্দা ইব্রাহিম সরদারের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজ সকালে বাড়ি থেকে স্থানীয় বাজারের উদ্দেশ্যে রওনা হন রোজিনা। কীর্তিনাশা নদীর পাড়ের একটি সেচ পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই বাতাসে তার বোরকা পাম্পের ঘূর্ণায়মান যন্ত্রাংশে পেঁচিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোরকা পেঁচিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রোজিনার শরীরের ওপরের অংশ মেশিনের ভেতরে আটকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে এলাকার মানুষজন ছুটে আসে, খবর দেয় পুলিশে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ বেদনাবিধুর হয়ে ওঠে।
নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেচ পাম্পটি নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলছিল। একাধিকবার বিষয়টি জানানো হলেও পাম্প মালিক কোনো ব্যবস্থা নেয়নি।
ক্ষোভ ঝাড়লেন স্থানীয় বাসিন্দা আব্দুল শফিক। খোলা জায়গায় পাম্প চালানো জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকির। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তার।
অরক্ষিত মোটরের সামনে দিয়ে যাওয়ার সময় এক মহিলার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পাংল থানার পরিদর্শক আবির হোসেন। ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাম্প কর্তৃপক্ষের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’



