অনিয়মের অভিযোগে ঠিকাদারকে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা

ছবি: আগামীর সময়
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নির্মাণাধীন মিনি স্টেডিয়ামে অনিয়মের অভিযোগে সাব-ঠিকাদারকে থাপ্পড় মেরেছেন এক ছাত্রদল নেতা। থাপ্পড় মারার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। গতকাল শুক্রবার বিকেলে ঘটনা ঘটে উপজেলার মাছিমপুর এলাকায়। অভিযুক্ত জেলা ছাত্রদল নেতার নাম শুভ।
জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় কাজ চলছে স্টেডিয়ামটির। ২০২৫ সালের ১৭ নভেম্বর প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয় এবং কাজের মেয়াদ ধরা হয়েছে ১২ মাস। প্রায় ৮ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রামভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস।
সম্প্রতি স্টেডিয়ামের সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার এবং ভরাট কাজে নির্ধারিত বালির পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে শুক্রবার বিকেলে জেলা ছাত্রদল নেতা শুভ সাব-ঠিকাদার মাহবুব হোসেনের কাছে যান। এ সময় তার সঙ্গে আরও ৭ থেকে ৮ জন ছিলেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে শুভ মাহবুব হোসেনকে থাপ্পড় দেন।
বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন জানিয়েছেন, বিভিন্ন অনিয়ম চলছে নির্মাণকাজে। ২ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে এবং ভরাটে বালির পরিবর্তে পুকুর খননের মাটি দেওয়া হচ্ছে। পাশাপাশি বালি ও সিমেন্টের মিশ্রণেও অনিয়ম হচ্ছে বলে তিনি দাবি করেন। সিডিউল অনুযায়ী কাজ করার আহ্বান জানান।
নির্মাণকাজে যুক্ত রাজমিস্ত্রি মোমিনুল হোসেন জানিয়েছেন, ২ নম্বর ইট দিয়ে কাজ করার বিষয়টি সত্য।
অভিযুক্ত ছাত্রদল নেতা শুভর ভাষ্য, মাহবুব হোসেন তার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে থাপ্পড় দেন তিনি।
সাব-ঠিকাদার মাহবুব হোসেন জানিয়েছেন, কাজে কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। এ কারণে শারীরিকভাবে আঘাত করা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন দাবি করেছেন, সরকারি নিয়মনীতি মেনেই কাজ বাস্তবায়ন করছেন তারা।



