অর্ধশত গাড়ি নিয়ে শোডাউনে ছাত্রদল নেতা বহিষ্কার

তেল পেতে পাম্পগুলোতে নিত্যদিন দীর্ঘ লাইন। কতশত ভোগান্তির অভিজ্ঞতা। দেশজুড়ে সংকটের উদ্বেগ। এর মধ্যে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে ভোটের প্রচারে নেমেছিলেন নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামাণিক। সংকটকালে এমন কাণ্ডে তাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার (১৩ এপ্রিল) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় এ সিদ্ধান্ত। বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মাসুদ রানাকে সাংগঠনিক পদ থেকে দেওয়া হয়েছে অব্যাহিত। তিনি ছিলেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক।
অভিযোগ সম্পর্কে জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।
‘বর্তমানে দেশ জ্বালানি সংকট পরিস্থিতি পার করছে। এ মুহূর্তে ছাত্রদল নেতার গাড়ির শোডাউন করা উচিত হয়নি। এটা সাংগঠনিক আইন ভঙ্গের কারণ। আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদল সংসদকে অবহিত করি। তারই প্রেক্ষিতে আজ রবিবার সকালে কেন্দ্রীয় ছাত্র সংসদ তাকে ওই পদ থেকে অব্যাহতি দেয়।’
ছাত্রদল নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান এই নেতার।
গতকাল (১২ই এপ্রিল) রবিবার বিকেলে বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন করেন মাসুদ রানা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা জানান দিতে এ শোডাউন।
গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হওয়া বহরটিতে ছিল প্রায় অর্ধশত হাইয়েস ও প্রাইভেটকার। এ নিয়ে সমালোচনা হয় ফেসবুকে।




