বাজি ধরে কলা চুরি, গাছে বাঁধা তিন কিশোর

ছবি: আগামীর সময়
বন্ধুদের সঙ্গে বাজি ধরে কলা চুরি করতে গিয়ে তিন শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। ঘটনা টের পেয়ে অভিযুক্ত এই তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলচারা এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা সলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী এলাকায় থাকে ওই তিন শিক্ষার্থী। এরা হলো, ওবায়দুল ইসলামের ছেলে ফাহিম রহমান (১৪), লিটন সরদারের ছেলে মেহেদী হাসান (১৫) ও তোফাজ্জল হোসেনের ছেলে সজল হোসেন (১৪)।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে ওই তিন শিক্ষার্থী কোচিং শেষে অটোরিকশায় করে দাশুড়িয়া থেকে মুলাডুলির দুবলাচারা এলাকায় ঘুরতে যায়। এ সময় নিজেদের মধ্যে বাজি ধরে একটি কলাবাগান থেকে বেশ কিছু কলা চুরি করে।
পুলিশের ভাষ্য, চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন যুবক ওই তিনজনকে গাছের সঙ্গে বেঁধে রাখে। এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ঈশ্বরদী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান। বলেছেন, ‘এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। ওই তিন শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’




