স্বামীর কাছ থেকে ছিনিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ৪

ছবি: আগামীর সময়
স্বামীর সঙ্গে যাচ্ছিলেন আত্মিয়ের বাড়িতে। পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হলেন কুমিল্লার বরুড়ার এক গৃহবধূ। চান্দিনা থানায় এই অভিযোগে মামলা করেছেন তিনি। ঘটনাস্থল থেকে আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ- জানালেন চান্দিনা থানার ওসি আতিকুর রহমান।
রবিবার রাত ১২টার দিকে চান্দিনার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে ঘটেছে এই ঘটনা।
আটক ব্যক্তিরা হলেন- চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)।
অভিযোগের বরাতে পুলিশ জানিয়েছে, এই দম্পতির বাড়ি বরুড়া উপজেলা সদরে। রবিবার রাতে অটোরিকশায় তারা যাচ্ছিলেন চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে। রাত ১০টায় কামাখোলা গ্রামে পৌঁছালে ব্যাটারির চার্জ ফুরিয়ে বন্ধ হয়ে যায় অটোটি।
ওই নারীর স্বামীর ভাষ্য, ‘হঠাৎ মোটরসাইকেলে তিনজন এসে আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। তারা ফোন করে আরও দুইজনকে ডেকে আনে। কয়েকজন আমার স্ত্রীকে টেনে-হিঁচড়ে ভূট্টাক্ষেতে নিয়ে যায়। একজন আমাকে আরও দূরে নিয়ে অন্ধকারে ছেড়ে দেয়। আমি ৯৯৯- নম্বরে ফোন করলে পুলিশ এসে আমার স্ত্রীকে উদ্ধার করে।’
‘আমাকে তারা জোর করে ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। আমি তাদের পায়ে ধরেছি, চিৎকার করে কান্না করেছি। কিন্তু কেউ আসেনি’- বলছিলেন ওই নারী।
চান্দিনা থানার ওসি আতিকুর জানিয়েছেন, সংঘবদ্ধ ওই চক্রে সদস্য পাঁচজন। এর মধ্যে দুইজন সরাসরি ধর্ষণে জড়িত। ‘আমরা ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছি। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানো হয়েছে’- বললেন ওসি।



