ঢাকায় দেওয়া ফেসবুক পোস্ট নিয়ে গ্রামে বিরোধ, অতঃপর ...

ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। স্থানীয়দের দাবি, সংঘর্ষের ঘটনা শুনে স্ট্রোক করে মারা গেছেন নাজিমুদ্দিন নামের এক বৃদ্ধ। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার বিকেলের আলমডাঙ্গা উপজেলার ছাত্রপাড়া গ্রামের ঘটনা এটি। নিহত শিমুল উপজেলার ছাত্রপাড়া গ্রামের লাবু হোসেনের ছেলে। নাজিমুদ্দিনও একই গ্রামের বাসিন্দা।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ছাত্রপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় ঢাকায় থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। এরই জের ধরে গ্রামে তৈরি হয় পক্ষ-বিপক্ষ। ঈদের দুই দিন আগে হৃদয় গ্রামের বাড়ি আসেন।
‘ঈদের দিন সকাল থেকেই কথা কাটাকাটি হয় হান্নান ও জাহাঙ্গীর গ্রুপের লোকজনের মধ্যে। বিকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শিমুল নামের এক যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়’, বলছিলেন তিনি।
এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

