পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা, ৩ জনকে জেল-জরিমানা

কারাদণ্ড প্রাপ্ত দুই যুবক
চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে তেল নিতে এসে বিশৃঙ্খলা করার অপরাধে দুই ব্যক্তির প্রত্যেককে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অপর একজনকে ১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে চালানো হয় এ অভিযান। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ডিঙ্গেদাহ গ্রামের আশরাফুল ইসলাম (২০) ও মারুফ বিল্লাহ (২০)। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সাতগাড়ি গ্রামের নাঈম ইসলাম (২৯)।
ম্যাজিস্ট্রেট ফাহাদ জানান, সকালে ওই ফিলিং স্টেশনে তেল নিতে আসেন কয়েকজন যুবক। এ সময় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই দণ্ড দেওয়া হয়।
দুপুরে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয় দণ্ডপ্রাপ্ত দুই যুবককে, নিশ্চিত করেন ফাহাদ।



