আরেক ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি
বাগেরহাটের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনা আলোড়ন তুলেছিল দেশজুড়ে। সাদ্দাম যখন কারাগারে, তখন বাড়িতে মেলে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ। পাশে পড়ে ছিল তাদের ৯ মাস বয়সী ছেলের মৃতদেহ।
এবার নীলফামারী সৈয়দপুরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সোহাগের স্ত্রীর ঝুলন্ত মরদেহ। তার দেহে আঘাতের চিহ্ন দেখার দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
শেখ সোহাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে তিনি। তার বিরুদ্ধে মামলা আছে সৈয়দপুর থানায়। পুলিশসূত্রে জানা গেছে এসব তথ্য। সোহাগ-শামীমা দম্পতির আছে দুই সন্তান।
পরিবারের বরাতে পুলিশ জানালো, দুপুরের দিকে ছোট ননদ মনি আক্তার ঘরের ভেতর শামীমাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন। প্রতিবেশীরা গিয়ে তাকে সৈয়দপুর ১০০ শষ্যা হাসপাতালে নেয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানালেন ওসি রেজাউল করিম।

