সাতক্ষীরায় পশুর কৃত্রিম প্রজননকর্মীকে জিম্মি করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অপহৃত অনিমেষ পরমান্য
সাতক্ষীরার শ্যামনগরে অনিমেষ পরমান্য (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
অনিমেষ কাজ করেন কৈখালী ইউনিয়নে গবাদি পশুর কৃত্রিম প্রজননকর্মী হিসেবে। তিনি শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামের মৃত নিতাই পরামান্যের ছেলে।
শনিবার (২মে) সকাল সাড়ে ৮টার দিকে পেশাগত কাজে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। সন্ধ্যা ৭টার দিকে স্ত্রীর মোবাইলে ফোন করে দাবি করা হয় মুক্তিপণ। এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ভাই প্রিয়নাথ পরমান্য।
প্রিয়নাথের ভাষ্য, শনিবার সকালে রোগী দেখতে বাড়ি থেকে বের হন তার দাদা। দীর্ঘক্ষণ পরিবারের সঙ্গে যোগাযোগ না করায় ফোন করে বন্ধ পান স্বজনরা। একপর্যায়ে উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে শুরু করেন তারা। এ সময় মুক্তিপণ দাবি করে বিষয়টি গোপন রাখার ব্যাপারে তাদের সতর্ক করে অপহরণকারীরা।
অনিমেষের ভাতিজা সুব্রত পরমান্য জানান, রবিবার তার কাকা অনিমেষ ও প্রতিবেশী ফজলুল হকের ছেলে খলিল হোসেনের জমি কেনার দিন নির্ধারিত ছিল। ২২ লাখ টাকা মূল্যের দলিলের খসড়া চূড়ান্তের জন্য শনিবার খলিল প্রতিনিধি আমানত গাজীর সঙ্গে শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল তার।
জমি কেনার গচ্ছিত টাকা হাতিয়ে নেওয়ার জন্য তার কাকাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে, দাবি সুব্রতর।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস জানালেন, এ ঘটনায় অনিমেষের সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ।
এদিকে অনিমেষ অপহরণের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন খলিল।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বললেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমরা আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যেই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা ও জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’



