ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নড়াইলের সদর হাসপাতালের লাশঘর। ছবি: আগামীর সময়
নড়াইলের সদর উপজেলায় ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে সদর উপজেলার বাহিরগ্রামে।
২০ বছর বয়সী ওই গৃহবধূ খাজিদা আক্তার চাঁদনী খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। আর অভিযুক্ত স্বামী ২৫ বছর বয়সী সাকিব শেখ। তিনি একই উপজেলার দামোদর মধ্যপাড়ার জাহিদ শেখের ছেলে। তাদের চার বয়সী একটি বাচ্চা আছে।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত সোমবার স্বামী সাকিবকে নিয়ে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় খালার বাড়ি বেড়াতে যান চাঁদনী। সাকিব মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন সাকিব। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন চাঁদনীকে।
ওসি অজয় কুমার কুন্ডু বলেছেন, সাকিবকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



