ঝালকাঠিতে বাড়ছে হাম, হাসপাতালে ১৩ শিশু

সংগৃহীত ছবি
ঝালকাঠিতে হামের সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে। আক্রান্ত হচ্ছে একের পর এক শিশু। যা জনমনে তৈরি করেছে আতঙ্ক। এরই মধ্যে হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন শিশু।
আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ২ জন, রাজাপুরে ৬ জন এবং কাঠাঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৫ জন।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির।
তিনি জানান, আক্রান্ত শিশুদের সেবায় দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।
এদিকে শিশুদের সুরক্ষায় দেশজুড়ে চালু করা হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এর অংশ হিসেবে গত সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার।



