সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত অন্তত ৮

সংগৃহীত ছবি
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত আটজন। আজ রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। অন্য চারজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, রবিবার সকাল ৬টার দিকে সিলেট থেকে একটি ডিআই পিকআপে সুনামগঞ্জের উদ্দেশে রওনা দেন কয়েকজন নির্মাণশ্রমিক। পথে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার শ্রমিকের। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয় আরও চারজনকে।
উপপুলিশ কমিশনার আরও জানান, এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছে পিকআপ ও ট্রাকচালক। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।



