মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে আমিনুর শাহ নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকার নবাবগঞ্জের মহিষদিয়া এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আমিনুরকে। তার বাবার নাম চান মিয়া বয়াতি।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহার সার্কলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন।
এ পুলিশ কর্মকর্তা জানান, আমিনুর ফেসবুকে নবীজীকে নিয়ে কটূক্তি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। এ ঘটনায় সাইবার আইনে নবাবগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা করেছেন গ্রাম পুলিশ সদস্য মো. আলাউদ্দিন।
জানা যায়, গত রবিবার আমিনুর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নবীকে অবমাননা করে কটূক্তি করে পোস্ট করেন৷ এই পোস্টের পরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়৷ পোস্টটির স্ক্রিনশট নিয়ে আমিনুরের শাস্তি চেয়ে ফেসবুকে পোস্ট করেন নেটিজেনরা।
বিষয়টি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে ওইদিন রাত ৯টার দিকে আমিনুরের বাড়ি ঘেরাও করেন উত্তেজিত জনতা। পরে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে তওবা করলে জড়ো হওয়া লোকজন ফিরে যান।



