সাতক্ষীরা
জ্বালানি তেলের সংকটে উত্তেজনা, সড়ক অবরোধ

ছবিঃ আগামীর সময়
সাতক্ষীরায় জ্বালানি তেলের তীব্র সংকট এখন সাধারণ ভোগান্তি ছাড়িয়ে চরম উত্তেজনায় রূপ নিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ক্ষোভে ফেটে পড়ছেন যানবাহন চালকরা। তেল না পাওয়ার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা গেছে, জেলার অধিকাংশ ফুয়েল স্টেশনে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। তেলের আশায় পাম্পগুলোতে ভিড় করছেন শত শত মোটরসাইকেল চালক। দীর্ঘ অপেক্ষায় থেকেও তেল না পেয়ে কয়েকটি স্থানে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। এতে সাময়িকভাবে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়।
ভুক্তভোগী মোটরসাইকেল চালক সোহেল জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন পর্যন্ত তেল পাইনি। কাজ ফেলে এখানে ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
আরেক চালক রাকিবের অভিযোগ, দুই দিন ধরে তেলের জন্য ঘুরছি। তেল না পাওয়ায় এখন কাজেও যেতে পারছি না।
শহরের এবিখান ফুয়েল স্টেশনের মালিক শান্ত খানের বক্তব্য, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় তারা চাহিদা মেটাতে পারছেন না। যে পরিমাণ তেল আসছে, তা মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এই সুযোগে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে খোলাবাজারে চড়া দামে তেল বিক্রি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে বেশ কিছু ফুয়েল স্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি পাহারার মধ্যেই সীমিত পরিসরে তেল সরবরাহ করা হচ্ছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও ডিপোগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

