কুষ্টিয়ায় মুখোমুখি সংঘর্ষে কিশোরের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর। বুধবার বিকেলে প্রাগপুর-ভেড়ামারা সড়কে ঘটে এ দুর্ঘটনা।
নিহত রহিবুল উপজেলার তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে করে আল্লারদর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল রহিবুল ইসলাম। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। এতে গুরুতর আহত হয় সে।
সংঘর্ষের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে সড়কে পড়ে থাকতে দেখেন রহিবুলকে। পরে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
খবরটি এলাকায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্বজন ও প্রতিবেশীরা জানায়, কিছুক্ষণ আগেও হাসিমুখে ঘর থেকে বের হওয়া ছেলেটির মৃত্যু তারা মেনে নিতে পারছেন না।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলছিলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানান তিনি।



