নারায়ণগঞ্জে ধর্ষণের বিচার চাওয়ায় চুল কেটে দেওয়ার অভিযোগ

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় ধর্ষণের বিচার চাওয়ায় এক গৃহকর্মীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী নারী কুমিল্লার বাসিন্দা। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে বন্দরের মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং স্থানীয় একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন।
অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেছেন, গত শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে বাড়ির মালিক তাকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখেন মালিক একাই বাসায় আছেন। এক পর্যায়ে কাজ করার সময় বাবুল মিয়া তাকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন এ নারী। পরে বিষয়টি মালিকের স্ত্রীকে জানিয়ে বিচার দাবি করলে উল্টো ওই নারীকে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্ত স্বামী-স্ত্রী মিলে তার মাথার চুলও কেটে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা আশরাফ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



