হাফ ভাড়া নিয়ে বিরোধ
শিক্ষার্থীদের পিটিয়ে আহত করল সেলফি বাসের চালক-হেলপার

সংগৃহীত ছবি
পরীক্ষা দিতে যাওয়ার পথে হাফ ভাড়া নিয়ে বিরোধের জেরে সেলফি বাসের চালক ও হেলপারের মারধরের শিকার হয়েছেন অন্তত পাঁচ শিক্ষার্থী। আহতদের মধ্যে ইমন নামে এক শিক্ষার্থী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে ১১টি সেলফি বাস আটক করেছেন।
বুধবার (৬ মে) ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। এদিন বিকেলে বিচারের দাবিতে সাভার সরকারি কলেজ ক্যাম্পাসে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস আটকে রাখেন।
আহত ইমন ওই কলেজের চতুর্থ বর্ষের পরীক্ষার্থী। বাকি আহতদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কলেজের চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমানের ভাষ্য, ইমনসহ কয়েকজন শিক্ষার্থী ফাইনাল পরীক্ষা দিতে সাভার থেকে ধামরাই সরকারি কলেজে যাচ্ছিলেন। কিন্তু হাফ ভাড়া নিতে চান না বাসের কন্টাক্টর ও হেলপার। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে বাসের চালক ও হেলপার উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত ইমনকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও দাবি করেন, বাসকর্মীরা প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন এবং হাফ ভাড়া নিতে গড়িমসি করেন। এ ঘটনার প্রতিবাদেই কলেজ ক্যাম্পাসে ১১টি সেলফি বাস আটক করা হয়েছে।
সাভার সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেছেন, ‘শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই হাফ ভাড়া দেওয়ার অধিকার রাখে। কিন্তু তর্কের জেরে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। শিক্ষার্থীরা এর প্রতিবাদে বাস আটক করেছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’



