চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

ছবিঃ আগামীর সময়
চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২ টা ৫০ মিনিটে পাবনা শহিদ অ্যাড. আমিন উদ্দিন স্টেডিয়াম হেলিপ্যাডে এসে পৌঁছান তিনি।
এসময় তাঁকে স্বাগত জানান পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এরপর সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
রাষ্ট্রপতির সফরসূচী অনুযায়ী, প্রথম দিন সার্কিট হাউজে বিশ্রাম নেবেন। পরদিন রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন তিনি। এদিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি।
তৃতীয় দিন সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকার নিজ বাড়িতে যাবেন। সেখানে আত্মীয়-স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

