মাদারীপুর
প্রশ্ন বিতরণে অনিয়ম, চার শিক্ষককে অব্যাহতি

ছবি: আগামীর সময়
মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফ উল আরেফীন। তিনি জানিয়েছেন, উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকারী এসব শিক্ষককে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন কেন্দ্র সচিব শ্যামা প্রসাদ পাল মিন্টু, হল সুপার মো. নাসির উদ্দীন এবং কক্ষ পরিদর্শক দিলীপ বৈরাগী ও ইজাজুল হক।
প্রশাসন জানায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার ভোকেশনাল শাখার ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষার দিন প্রশ্নপত্র বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে এ ব্যবস্থা।
শ্যামা প্রসাদ পাল মিন্টু কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ছিলেন। মো. নাসির উদ্দীন গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে একই কেন্দ্রে হল সুপারের দায়িত্বে ছিলেন। দিলীপ বৈরাগী ও ইজাজুল হক যথাক্রমে কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয় ও ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন।
ইউএনও সাইফ উল আরেফীন উল্লেখ করেছেন, অনিয়মের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।



