বগুড়ার ডিসি-এসিল্যান্ডের নামে আদালত অবমাননার মামলা

ছবি: আগামীর সময়
বগুড়ার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নন্দীগ্রামের ভূমি কর্মকর্তার বিরুদ্ধে হয়েছে আদালত অবমাননার মামলা। পুকুরের জায়গাকে সরকারি দাবি করার অভিযোগ তোলা হয়েছে তাতে। আগামী ২৪ মে হাজির হয়ে অভিযুক্তদের কারণ দর্শানোর নির্দেশ দেন যুগ্ম জেলা জজ আদালত-২-এর বিচারক শামিমা খাতুন।
মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানিয়েছেন বগুড়া জজকোর্টের আইনজীবী এম এ ছোবহান। মামলাটি হয়েছে গত ২৯ এপ্রিল। বাদী মনছের আলী সরদার। আর ঘটনা নন্দীগ্রামের কোষাশ এলাকার বিষলাল পুকুর ঘিরে। বাদীর অভিযোগ, আদালতের অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা থাকার পরেও জেলা প্রশাসনের কর্মকর্তারা পুকুরপাড়ে সাইন বোর্ড লাগিয়েছেন।
এজাহারে বলা হয়েছে, কোষাশ মৌজার ৫ দশমিক ৯৯ একরের পুকুরটি দীর্ঘদিন ভোগদখল করছে বাদীপক্ষ। তারা হলেন- মনছের আলী সরদার, মোবারক হোসেন, মোসলেম উদ্দিন, মমতাজ বেগম, মোমেনা খাতুন, মাবিয়া খাতুন, ছলিম উদ্দিন, আব্দুল আজিজ, মো. বায়েজিদ ও মো. ওয়াজেদ। সেখানে তাদের বসতঘর আছে। ওই পুকুরে মাছ চাষ করেন তারা।
তবে রেকর্ড সংশোধনের সময় জমিটি ১/১ খতিয়ানের (সরকারি মালিকানাধীন কিন্তু বিশেষ ব্যবস্থাপনায় থাকা জমি) অন্তর্ভুক্ত হয়। এ ঘটনায় ২০২০ সালে জেলা প্রশাসকসহ সাতজনের বিরুদ্ধে আদালতে যৌথ মামলা করেন মনছের আলী সরদারসহ ১০ জন। যুগ্ম জেলা জজ-২ আদালত ২০২১ সালের ৯ মে ওই সম্পত্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। তারপরও চলতি বছরের ২৭ এপ্রিল সরকারি সম্পত্তি দাবি করে পুকুরপাড়ে সাইন বোর্ড দেন বিবাদীরা।
দুইদিন পর আদালত অবমাননার মামলা করে বাদীপক্ষ। অভিযোগ আমলে নিয়ে তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন বিচারক। তাতে বলা হয়েছে, ‘আগামী ২৪ মে সকাল ৯টায় আদালতে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে দরখাস্তের বিরুদ্ধে কারণ দর্শাবেন। অন্যথায় একতরফা শুনানি ও বিচার হবে।’
নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের ভাষ্য, ‘বিষলাল পুকুরটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হওয়ায় সেখানে সরকারি তফসিলের ঘোষণাপত্রের সাইন বোর্ড দেওয়া হয়। এ রকম সাইন বোর্ড আগেও ছিল। এই পুকুর নিয়ে আগে থেকে একটা মামলা চলমান। যেটা আমরা জানতাম না। পরে তফসিল সাইন বোর্ড দেওয়ার সময় বিষয়টি জানতে পারি।’
‘এখন নতুন করে যে মামলা হয়েছে, সেটির জন্য আদালতে জবাব দেব আমরা। আগের মামলা এখনো নিষ্পত্তি হয়নি। আদালত যার পক্ষে রায় দেবেন, তিনিই সম্পত্তির মালিকানা পাবেন’- যোগ করেন তিনি।



