চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

হামলায় আহত দুই সাংবাদিক। ছবি: আগামীর সময়
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে মারধর করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে ঘটেছে এ ঘটনা।
আহতরা হলেন— চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনার সময় মোড়ে বসে চা পান করছিলেন ভুক্তভোগী দুই সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে অতর্কিত হামলা চালায় ৬ থেকে ৭ জন। তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট মারধর করে হামলাকারীরা। তারেক আজিজকে ভাঙা চায়ের কাপ দিয়ে আঘাত করলে কেটে যায় তার হাতের আঙুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যান নিকটস্থ হাসপাতালে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানিয়েছেন, দুই সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে। তিনি আরও উল্লেখ করেন, রাব্বির বিরুদ্ধে রয়েছে হত্যাসহ একাধিক মামলা।



