রাজশাহী-ঢাকা রুটে এসি বাস ভাড়া বেড়েছে ২০০ টাকা

ছবি: আগামীর সময়
জ্বালানি তেলের দাম বাড়তেই রাজশাহী-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা। নতুন ভাড়া কার্যকর হয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে, তবে এখনও নন-এসি বাসে ভাড়া অপরিবর্তিত।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর প্রভাব পড়েছে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী এসি বাসে। আগে এই রুটে এসি বাসের ভাড়া ছিল ১ হাজার ১০০ টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ টাকা।
বৃহস্পতিবার দুপুর থেকেই নতুন ভাড়ায় টিকিট বিক্রি শুরু হয়েছে। দেশ ট্রাভেলসের কাউন্টারে দেখা গেছে নতুন ভাড়ার তালিকা টানিয়ে রাখতে। কাউন্টার মাস্টার তুহিন আলী জানান, ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে। তবে নন-এসি বাসের ভাড়া এখনও ৭০০ টাকাই। মালিকপক্ষ এ বিষয়ে এখনও কোনও নির্দেশনা দেয়নি।
ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী শ্যামলী পরিবহনের এসি বাস নেই। তাদের নন-এসি বাসের ভাড়া ৭০০ টাকা, যা এখনও অপরিবর্তিত। একইভাবে এই রুটে চলাচলকারী লোকাল বাসগুলোয়ও এখন পর্যন্ত ভাড়া বাড়ানো হয়নি।
আরপি অ্যালিগেন্স পরিবহনের কাউন্টার মাস্টার আবদুল মজিদ বলছিলেন, বর্তমানে ৩৫০ টাকায় যাত্রী পরিবহন করা হচ্ছে। নতুন ভাড়া কার্যকর হয়নি। ভাড়া বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানান তিনি।
তার ভাষ্য, একটি বাসের রাজশাহী-ঢাকা যাওয়া-আসায় প্রায় ১২০ লিটার ডিজেল প্রয়োজন। সম্প্রতি প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হওয়ায় পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছিল।



