তাপপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গা, বিকালে তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি

তাপপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গা, বিকেলে তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, এই মৃদু তাপপ্রবাহ পরিস্থিতি আরও কিছুদিন থাকতে পারে অব্যাহত।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৬০ শতাংশ।
এদিকে চুয়াডাঙ্গা জেলায় গরমের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুরদের কাজের সময় বেড়ে গেছে গরমজনিত কষ্ট।
দুপুরের দিকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে অনেকটাই,মানুষ বাইরে বের হচ্ছেন না জরুরি প্রয়োজন ছাড়া। রোদের তীব্রতা থেকে বাঁচতে অনেকে ব্যবহার করছেন ছাতা বা মাথায় কাপড়। গরম বেড়ে যাওয়ায় চাহিদাও বেড়েছে ডাব, তরমুজ ও ঠান্ডা পানীয়ের। শহরের বিভিন্ন স্থানে আখের রস ও শরবতের দোকানে দেখা যাচ্ছে ভিড়।
চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, ডায়রিয়াসহ বাড়ে নানা স্বাস্থ্যঝুঁকি। তাই পরামর্শ দেওয়া হচ্ছে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর দেওয়া হয়েছে জোর।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানালেন, জেলায় বর্তমানে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ এবং এই পরিস্থিতি স্থায়ী হতে পারে আরও কয়েক দিন।



