চোর সন্দেহে তিন যুবককে বেঁধে বেধড়ক মারধর, ভাইরাল ভিডিও

অপরাধ করলে আছে আইন। কিন্তু আইনের তোয়াক্কা না করে চোর সন্দেহে তিন যুবককে পিঠমোড়া করে বেঁধে বেধড়ক পিটিয়েছেন সাকিব নামের এক ব্যক্তি।
গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে এই অমানবিক ঘটনার একটি ভিডিও। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ধিক্কার ও নিন্দার ঝড় ওঠে।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ঝিকরা প্রাইমারি স্কুলের পাশে ঘটেছে অমানবিক ওই ঘটনা। মারপিটের শিকার যুবকরা হলেন মামুন, জুয়েল ও সম্রাট।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকের ব্যাটারি চুরির সন্দেহে ঝিকরা গ্রামের তিন যুবককে ধরে নিয়ে এসে হাত ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন একই গ্রামের সাকিব। একপর্যায়ে মার থামানোর চেষ্টা করেন উপস্থিত কয়েকজন ব্যক্তি।
এলাকাবাসী বলছেন, ‘ওই তিন যুবক যদি কোন অপরাধ করে থাকেন, তাহলে সেই অপরাধে তাদেরকে পুলিশে সোপর্দ করা যেতো অথবা আইনানুগ ব্যবস্থা নেয়া যেত। সেটা না করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে প্রকাশ্যে পিঠমোড়া দিয়ে বেঁধে অমানুষিক মারপিট করা একটি বড় অপরাধ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন জানান, ভিডিওটি দেখেছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



