লিচু বাগানে পড়েছিল যুবকের রক্তাক্ত মরদেহ

ছবিঃ আগামীর সময়
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় লিচু বাগান থেকে তাজেল ইসলাম তাজেম (৩৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের সামনের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত তাজেম ওই এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
তার স্বজনদের দাবি, কয়েক বছর আগে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পাশের বাড়ির এক ব্যক্তির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।
নিহতের চাচাতো ভাই বিপুল হোসেন জানান, খবর পেয়ে রাত ৯টার দিকে এসে তিনি তাজেমের রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
নিহতের মা সাহিদা খাতুন অভিযোগ করেন, তিন-চার বছর আগে ছেলের স্ত্রী শান্তার সঙ্গে পাশের বাড়ির মোক্তারের ছেলে মিরাজের সম্পর্ক নিয়ে ঝামেলা হয়েছিল। মিরাজরা এ ঘটনায় হামলা চালিয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেছেন, সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

