প্রাইভেট কার দুর্ঘটনা, বস্তাবন্দি লাশ নিয়ে ধোঁয়াশা

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার। ছবি: আগামীর সময়
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ছিল একটি প্রাইভেট কার। সেখানে উদ্ধার গিয়ে মিলেছে বস্তাবন্দি মরদেহ। আর এ নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের বটতলা থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
উদ্ধার মরদেহটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার সিগরাইল গ্রামের সরোয়ার মোল্লার ছেলে রবিউল মোল্লার (৩৫)।
এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিলেও একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যজনকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে হেফাজতে।
প্রত্যক্ষদর্শী সনৎ চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার রাতে হাটখোলারচর গ্রামের বটতলায় প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে প্রাইভেট কারটি উদ্ধার করতে যান তিনিসহ স্থানীয় কয়েকজন। এ সময় গাড়ির ভেতরে একটি বস্তা দেখতে পান তারা। পরে বস্তার মুখ খুলে ভেতরে এক যুবকের মরদেহ দেখতে পান। মরদেহের গলাকাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
তবে পুলিশের দাবি, প্রাইভেট কার দুর্ঘটনার কবলে পড়ার আগেই ওই স্থানে ফেলা হয়েছিল মরদেহটি। পরে দুর্ঘটনার শিকার হয় প্রাইভেট কারটি।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেইন আগামীর সময়কে জানিয়েছেন, মরদেহটি আগেই ওই রাস্তার পাশে ফেলানো ছিল। এ সময় একটি প্রাইভেট কার ওখানে দুর্ঘটনার কবলে পড়ে। এরপর স্থানীয়রা সেখানে গেলে মরদেহটি পায়।
ওসি জানান, মরদেহটি ওই প্রাইভেট কারের ভেতরে ছিল মনে করে স্থানীয়রা প্রাইভেট কারটি আটক করে। পরবর্তী সময়ে চারজন প্রাইভেট কারের চলে গেলে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে দেয়।
এদিকে থানায় ছেলের মরদেহ নিতে আসা সরোয়ার মোল্লা আগামীর সময়কে বলেছেন, ‘রবিউলকে নিয়ে শাহিদ নামে এক ব্যক্তি বোয়ালমারী এলাকায় আমার মেয়ের জামাইয়ের বাড়িতে মোটরসাইকেল আনতে যায়। সেখানে তর্ক-বিতর্কের একপর্যায়ে আমার ছেলেকে হত্যা করেছে। পরে মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। এ হত্যার বিচার চাই।’
আগামীর সময়কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা মহম্মদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি জানান, এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মামলা হয়েছে। তবে দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে মহম্মদপুর থানা পুলিশ।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন মাগুরা প্রতিনিধি]



