সিলেটে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেপ্তার

সিলেট নগরীতে চাঁদাবাজির অভিযোগে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য বকুল আহমদ জিহাদকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
আজ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শাহপরান থানার মিরের চক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বকুল আহমদ জিহাদ গোলাপগঞ্জ উপজেলার তুরুকবাগ এলাকার বাসিন্দা। র্যাব জানায়, এ ঘটনায় এর আগে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের তথ্যমতে, ভুক্তভোগী মাহমুদুল হাসান রিফাত (২৫) পূর্বপরিচয়ের সূত্র ধরে এক সহযোগীর মাধ্যমে এক নারীর সঙ্গে পরিচিত হন। গত ৯ এপ্রিল রাতে ওই নারীর সঙ্গে দেখা করতে তিনি এক বন্ধুকে নিয়ে নগরের যতরপুর এলাকার একটি বাসায় যান।
সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া কয়েকজন তাদের জিম্মি করে। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন চালায় এবং বিবস্ত্র করে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়।
মানসম্মানের ভয়ে ভুক্তভোগীরা বিভিন্ন মাধ্যমে মোট ৯০ হাজার টাকা দেন। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা, একটি রুপার চেইন ও একটি ব্রেসলেট ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি জিহাদকে গ্রেপ্তার করে।
র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তাকে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতকে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে কোতোয়ালি মডেল থানায়।



