প্রতিমন্ত্রী
দ্বিতীয় যমুনা সেতুতে বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা

ছবি: আগামীর সময়
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেছেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে পূরণ হবে উত্তরাঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং সুযোগ সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। তিনি জানান, সেতুর স্থান নির্ধারণে অগ্রাধিকার তালিকায় রাখা হবে বাহাদুরাবাদ–বালাসীঘাট রুটকে।
শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
সমাবেশে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলছিলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। একই সঙ্গে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার নদীভাঙন রোধে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৭০ কোটি টাকা। দ্রুত শুরু হবে ভাঙনরোধ কার্যক্রম এবং আগামী জুনে বাজেট ঘোষণার পর কাজ আরও বেগবান হবে বলেও জানান তিনি। এসময় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি কামনা করেন এলাকাবাসীর সহযোগিতা।
উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা সহ-সভাপতি মাহবুবুল হাসান, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন শ্রমিক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



