মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে প্রবাসীর বিয়ে

মায়ের স্বপ্ন পূরণ, হেলিকপ্টারে বিয়ে ও বউ নিয়ে ঘরে ফেরা
মায়ের ইচ্ছা পূরণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছেন প্রবাসী মিলন মধু।
গতকাল রবিবার দুপুরে উপজেলার নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হেলিকপ্টার। এ সময় মিলন মধু তার স্ত্রী ও মা ললিতা মধুকে সঙ্গে নিয়ে নামতে দেখা যায় হেলিকপ্টার থেকে।
তাদের নামার সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজন ও এলাকাবাসী বাদ্যযন্ত্র বাজিয়ে এবং ফুল ছিটিয়ে জানান উষ্ণ অভ্যর্থনা। মিলন মধু উপজেলার নারকেলবাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন জর্ডানে এবং দেশে ফিরেছেন সম্প্রতি।
এর আগে গত শুক্রবার একই স্থান থেকে হেলিকপ্টারে চড়ে তিনি বিয়ে করতে যান মাদারীপুরের রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে। কনে প্রেরণা সরকার ওই গ্রামের পলাশ সরকারের মেয়ে এবং একজন কলেজছাত্রী। পারিবারিকভাবেই এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মিলন।
মিলন মধু বলছিলেন, তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট তিনি। মায়ের দীর্ঘদিনের ইচ্ছা, ছেলে যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করে। সেই ইচ্ছা পূরণেই এ আয়োজন। বিয়ের পর মাকে সঙ্গে নিয়ে একইভাবে স্ত্রীকে নিয়ে ফিরেছেন বাড়ি। সোমবার করা হয়েছে বৌভাতের আয়োজন, যেখানে প্রায় এক হাজার অতিথিকে জানানো হয়েছে আমন্ত্রণ।
মিলনের মা ললিতা মধু জানাচ্ছিলেন, ছেলের এমন আয়োজন পূরণ করেছে তার বহুদিনের স্বপ্ন এবং এতে খুবই আনন্দিত তিনি। সবার কাছে ছেলে ও পুত্রবধূর জন্য দোয়া কামনা করেছেন এ সময়।
এলাকার সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলছিলেন, মিলন তার ভাতিজা। মায়ের ইচ্ছা পূরণে তার এই ব্যতিক্রমী আয়োজন এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দের। তাদের এলাকায় এ ধরনের বিয়ে এবারই প্রথম।
স্থানীয় গৃহবধূ রহিমা বেগমের ভাষ্য, পুরো আয়োজনটি তাদের কাছে মনে হয়েছে রাজকীয় বিয়ের মতো। কয়েকদিন ধরেই মিলনের বাড়িতে চলছে উৎসবের আমেজ। বিয়ে উপলক্ষে এলাকায় বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।



