রাবিপ্রবি ভিসিকে অপসারণে ছাত্রদলের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: আগামীর সময়
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিয়ার রহমানকে অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তালা দেয়া হয়েছে তার কার্যালয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনকারীরা। ভিসির বিরুদ্ধে তুলেছেন দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও বিশ্ববিদ্যালয়কে জামায়াতিকরণের অভিযোগ।
ছাত্রদল নেতাদের লিখিত বক্তব্য- ‘বিশ্ববিদ্যালয়কে পারিবারিক ও রাজনৈতিক আখড়ায় পরিণত করেছেন ভিসি। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতিকে ভাইবাতে নম্বর বাড়িয়ে এখানে শিক্ষক হিসেবে নিয়োগ, ৪২ বছরের ব্যক্তিকে প্রভাষক হিসেবে নিয়োগ, বঙ্গবন্ধু পরিষদ নেতাকে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেয়াসহ বেশ কিছু নিয়োগে অনিয়ম করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের যোগ্যতা থাকলেও শিক্ষক হিসেবে নেননি ভিসি।’
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষে সভাপতি নাসিরউদ্দিন অর্ণবের দাবি, ‘বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা এবং মর্যাদা বহালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী ভিসিকে অপসারণ করতে হবে। কিংবা তাকেই পদত্যাগ করে চলে যেতে হবে। নাহলে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করব।’
আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা বা একাডেমিক কার্যক্রম বন্ধ করা যাবে না- ভিসিকে দেয়া হয়েছে এই বার্তা। তবে ভিসির দপ্তর ও প্রশাসনিক দপ্তরের কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।



