সুন্দরবনে ১১ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

সংগৃহীত ছবি
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকা থেকে ১১ জেলেকে অপহরণের অভিযোগ ওঠেছে বনদস্যুদের বিরুদ্ধে। গত ৩ মে দিবাগত রাতে একটি মাছধরা নৌকাসহ এসব জেলেদের অপহৃত করে গহীন অরণ্যে নিয়ে যাওয়া হয়।
আজ বুধবার বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের কুদ্দুস হাওলাদার জানিয়েছেন, তার ছেলে রাকিব হাওলাদার (২৪) সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ওই রাতে বনদস্যুদের হাতে অপহৃত হয়। একই এলাকার আলতাফ হাওলাদার জানান, তার ভাইয়ের ছেলে ছগিরও (৩২) অপহৃতদের মধ্যে রয়েছে।
অপহৃত অন্যরা হলেন—উত্তর রাজাপুর গ্রামের লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৭), রুবেল হাওলাদার (৩০), হাফিজুল (২২), আলমগীর ফরাজী (৫০), ইয়াসিন হাওলাদার (২৩), বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস এলাকার রুবেল (২৫) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার দেব চন্দ্র (২৫)।
তিন মাছ ব্যবসায়ীর অভিযোগ, তাদের অধীনে কাজ করা ১১ জেলেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী অপহরণ করে বনের অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। অপহরণের পর থেকে মোবাইল ফোনে যোগাযোগ করে জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে।
এ বিষয়ে শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেছেন, ‘লোকমুখে সুন্দরবনে ১১ জেলে অপহরণের খবর শুনেছি। তবে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



