এনসিপিতে যোগ দিতে ‘মিল্লি কার্ডের অফার’!

জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি। আঞ্চলিক ভাষায় বলা হয় ম্যান্দা, মিলানি ও পিঠালি। প্রতিদিনের নয়, কারও মৃত্যু বা কোনো বিশেষ অনুষ্ঠানের খাবার এটি। গরু, খাসি বা মহিষের মাংসের সঙ্গে চালের গুঁড়া, আলু ও অন্যান্য মসলা মিশিয়ে তৈরি হয় মুখরোচক এই পদ।
সেই মিল্লি মিলবে কার্ডে। আর কার্ড পেতে যোগ দিতে হবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। এমন ‘অফার’ ফেসবুকে পোস্ট করেছেন দলটির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির জামালপুরের আহ্বায়ক আমিমুল ইহসান। বিস্তারিত জানতে ফোন দেয়া হলো তাকে। ‘স্রেফ মজা করার জন্য’ এই পোস্ট, জানালেন তিনি।
আজ বুধবার ছবিটি পোস্ট করেন আমিমুল। তাতে লেখা- ‘এনসিপিতে যোগ দিন, মিল্লি কার্ড নিন’। ক্যাপশনে আমিমুল লেখেন- ‘জামালপুর এনসিপি কার্ড নিয়ে হাজির.. এত এত কার্ডের মধ্যে আমরা আপনাদের প্রোভাইড করছি মিল্লি কার্ড! কার্ড সীমিত।’ পোস্টের কমেন্ট বক্সে তিনি জুড়ে দেন গুগল ফর্মের একটি লিংক। ফর্মে আছে এনসিপির সদস্য হওয়ার আহ্বান।
মুহূর্তেই ভাইরাল সেই পোস্ট। অভিনব প্রচার বলে অনেকে প্রশংসা করলেও স্থানীয়রা এটিকে ‘বিভ্রান্তিকর পোস্ট’ বলে করছেন সমালোচনা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বলেছেন, ‘এটা কোনো গ্রহণযোগ্য পোস্ট না। মানুষকে বিভ্রান্ত করতেই এটা পোস্ট করা হয়েছে। কার্ড নিয়ে এখন বেশ আলোচনা রয়েছে। তাই হয়তো মানুষকে বিভ্রান্ত করতে এবং নিজেকে আলোচনায় আনতেই তিনি পোস্টটি দিয়ে থাকতে পারেন।’
বিস্তারিত জানতে চাইলে জাতীয় ছাত্রশক্তির নেতা আমিমুল বললেন, ‘চাঁপাইনবাবগঞ্জের এক মেয়র প্রার্থী ঘোষণা দেন যে তিনি নির্বাচিত হলে আম কার্ড দিবেন। সেখান থেকেই দেখা। জামালপুরে তো মিল্লি ভাত অনেক জনপ্রিয়। সেটা দেখেই এইরকম পোস্ট করেছি। মজা করার জন্যই এই পোস্ট।’
চাঁপাইনবাবগঞ্জে ‘আম কার্ড’ দেওয়ার কথা বলেছিলেন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বিএনপি নেতা আশরাফুল হক। তিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। পৌর মেয়র নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে চালাচ্ছেন প্রচার।
গত ২১ এপ্রিল এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘রহনপুর পৌর বাজার জেলা আমের একটি বড় বাজার। এখানকার অনেক তরুণ ব্যবসায়ী অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে আম ব্যবসা করেন। কিন্তু অনলাইন ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তা নেই..... মেয়র নির্বাচিত হলে পৌরসভার পক্ষ থেকে তাদের ব্যবসার নিরাপত্তার জন্য কার্ড করে দেয়া হবে।’
এই বক্তব্য পরে ‘আম কার্ড দিবেন’ বলে ভাইরাল হয় ফেসবুকে।



