স্ত্রী ও ছেলের হাতে খুন মাছ ব্যবসায়ী

সংগৃহীত ছবি
নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম রুবেল (৪৫)। আজ সোমবার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের স্ত্রী শিউলী বেগম এবং ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েল। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিয়মিত মাদক সেবন করতেন রফিকুল ইসলাম। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। গত রবিবার রাতেও স্ত্রী ও ছেলের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। পরে তিনি পাশের কক্ষে ঘুমাতে যান।
পুলিশ জানায়, পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে স্ত্রী ও ছেলে ধারালো দা দিয়ে রফিকুল ইসলামের গলা কেটে হত্যা করেন। পরে সকালে তারা কান্নাকাটির নাটক করেন বলে অভিযোগ রয়েছে।
সকালে স্থানীয়রা রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ও ডিবির একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও ছেলেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশের পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দা এবং রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহ। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলেকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



