৫৬ বিলিয়ন ডলারে ‘ইবে’ কেনার প্রস্তাব গেমস্টপের

৫৬ বিলিয়ন ডলারের এই বিশাল চুক্তির জন্য ইতিমধ্যে ২০ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি পেয়েছে গেমস্টপ।
বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস ইবে কেনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ভিডিও গেম বিক্রেতা প্রতিষ্ঠান গেমস্টপ। গতকাল রবিবার ইবে-এর পরিচালনা পর্ষদের কাছে ৫৬ বিলিয়ন ডলারের এই অধিগ্রহণ প্রস্তাব পাঠিয়েছেন গেমস্টপ সিইও রায়ান কোহেন।
বাজার মূলধনের দিক থেকে ইবে গেমস্টপের তুলনায় প্রায় চার গুণ বড় প্রতিষ্ঠান। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় গেমস্টপের বাজারদর ছিল ১২ বিলিয়ন ডলার, যেখানে ইবের দর ছিল ৪৬ বিলিয়ন ডলার।
প্রতি শেয়ারের জন্য ১২৫ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছেন কোহেন। যা ইবের বর্তমান বাজারদরের চেয়ে ২০ শতাংশ বেশি।
প্রস্তাব অনুযায়ী, এই অর্থের অর্ধেক নগদে এবং বাকি অর্ধেক শেয়ারের মাধ্যমে পরিশোধ করা হবে।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে রায়ান কোহেন জানান, গেমস্টপ ও ইবেকে এক ছাদের নিচে আনা গেলে এটি আমাজনের যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।
‘ইবের বার্ষিক খরচ ২ বিলিয়ন ডলার কমিয়ে আমি এর বাজারদর কয়েকশ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চাই’, যোগ করেন রায়ান কোহেন।
তিনি আরও জানান, গেমস্টপের ১ হাজার ৬০০টি ফিজিক্যাল স্টোর ইবের পণ্য যাচাইকরণ ও ডেলিভারি নেটওয়ার্ক হিসেবে কাজ করবে। অধিগ্রহণ সম্পন্ন হলে কোহেন নিজেই নতুন এই সম্মিলিত প্রতিষ্ঠানের সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
৫৬ বিলিয়ন ডলারের এই বিশাল চুক্তির জন্য এরই মধ্যে ২০ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি পেয়েছে গেমস্টপ।
এ ছাড়া কোম্পানির হাতে থাকা ৯ দশমিক ৪ বিলিয়ন ডলার নগদ অর্থ এবং প্রয়োজনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন তহবিল থেকে বিনিয়োগ সংগ্রহের পরিকল্পনা রয়েছে কোহেনের।
২০২১ সালে মিম-স্টক উন্মাদনার মাধ্যমে বিশ্ব জুড়ে আলোচনায় আসে গেমস্টপ। রায়ান কোহেন সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর ধুঁকতে থাকা এই প্রতিষ্ঠানকে লাভের মুখ দেখান।
অন্যদিকে, ১৯৯৫ সালে যাত্রা শুরু করা ইবে বর্তমানে শৌখিন সংগ্রাহক ও অটোমোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসায় দারুণ প্রবৃদ্ধি দেখাচ্ছে।
ইবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত গেমস্টপের এই প্রস্তাব নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র : রয়টার্স।






