আবাসন খাতের সংকট কাটাতে সরকারের সহযোগিতা চায় রিহ্যাব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রিহ্যাবের নেতৃবৃন্দ
দেশের আবাসন খাতের উন্নয়ন, সাশ্রয়ী মূল্যে বাসস্থান নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে আবাসন খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিস্থিতি এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য আবাসন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিহ্যাব নেতারা খাতটির টেকসই উন্নয়নে সরকারের নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু)।
রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেছেন, দেশের অর্থনীতিতে আবাসন খাত গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বর্তমানে নীতিগত জটিলতা, নির্মাণ ব্যয়ের ঊর্ধ্বগতি এবং অর্থায়ন সংকটের কারণে খাতটি চাপের মুখে রয়েছে।
তিনি আরও জানান, পরিকল্পিতভাবে আবাসন খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি নীতি সহায়তা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়ানো জরুরি।
সরকারের কার্যকর সহযোগিতা পেলে আবাসন খাত আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আবাসন খাত দেশের নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সরকার এ খাতের উন্নয়নে আন্তরিক এবং ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। রিহ্যাবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত রাখবে।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক তাসনুভা মাহবুব সালাম ও সদস্য প্রতিনিধি এম জি আর নাসির।



