দোকান মালিক সমিতি
ঈদে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি

সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত করতে চায় দোকান মালিক সমিতি। এ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে আবেদন জানিয়েছে সমিতির নেতারা।
সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সমিতির নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের সংকটকালীন সময়ে আমরা জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে যাচ্ছি। বর্তমানে ব্যবসার অবস্থা খুবই খারাপ। বেচাকেনা নেই বললেই চলে। ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদের মধ্যে অসন্তুষ্টি বাড়ছে।
আবেদনে বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সমস্যার কথা বিবেচনা করে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার ঘোষণা চান তারা।
দোকান মালিক সমিতি জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী আশ্বস্ত করেছিলেন ঈদুল আজহার আগে দোকান খোলা রাখার সময় বাড়ানো হবে। সেইসঙ্গে কোনো জেলায় যাতে অপরিকল্পিত বাণিজ্য মেলা না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বরিশালসহ বিভিন্ন জেলায় অপরিকল্পিত বাণিজ্য মেলা হচ্ছে। একশ্রেণির ফড়িয়া ব্যবসায়ী বিভিন্ন নামে মেলার আয়োজন করে নিম্নমানের পণ্যসামগ্রী বিক্রি করছে। এতে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে ব্যবসায়ীরা।



