সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার শেষ হলো জমকালো আয়োজনে

ছবি: সাউথইস্ট ইউনিভার্সিটি
সাউথইস্ট ইউনিভার্সিটির দুই দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। আয়োজনে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি, ওষুধ, অটোমোবাইল, হাসপাতালসহ বিভিন্ন খাতের ৫৫টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অপরিসীম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান সঞ্চালনের মাধ্যমে জনগণের মধ্যে ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন শুধু সরকারের একার কাজ নয়, সমাজের সব প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। অতীত সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বিপুল অর্থ পাচারের কারণে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনুষ্ঠানে তিনি জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের স্মরণ করেন এবং বিশেষ করে সাউথইস্ট ইউনিভার্সিটির চারজন জুলাই যোদ্ধার কথা উল্লেখ করেন।
সমাপনী অধিবেশন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেনের সূচনা বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, অ্যালামনাই ও শিক্ষার্থীরা।
দুই দিনব্যাপী এ জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের সিভি সংগ্রহ, ইন্টারভিউ গ্রহণ এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের সুযোগ তৈরি করে। আয়োজনে দুটি সেমিনারসহ বিশেষ সেশনও অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ আয়োজন শিক্ষার্থীদের সঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠানের কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



