নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন

সংগৃহীত ছবি
দেশের বাজারে বহুজাতিক ও দেশীয় স্বনামধন্য ব্র্যান্ডগুলোর হুবহু নকল এবং অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ শুরু করেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর চকবাজার এলাকায় পরিচালনা করা হয়েছে এক বিশেষ অভিযান।
ঢাকার চাঁনখারপুল সংলগ্ন চকবাজার এলাকায় পরিচালিত এই অভিযানে শনাক্ত করা হয় ‘গ্রে চ্যানেল’-এর মাধ্যমে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ‘নবরত্ন’ ব্র্যান্ডের পণ্য।
অভিযানে অংশ নেওয়া ব্যবসায়ীরা এসব পণ্যের স্বপক্ষে দেখাতে পারেননি কোনো বৈধ কাগজপত্র। এর প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগামী ১৫ দিনের মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছে বৈধ নথিপত্র প্রদর্শনের। এই সময় পর্যন্ত বিক্রয় না করতে নির্দেশ দেওয়া হয়েছে উদ্ধারকৃত অবৈধ পণ্য।
সংশ্লিষ্টরা জানান, একটি অসাধু চক্র অননুমোদিত কারখানায় নিম্নমানের পণ্য উৎপাদন করে কিংবা কর ফাঁকি দিয়ে ‘গ্রে চ্যানেল’-এর মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বাজারে। এতে একদিকে যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে ভোক্তারাও উচ্চমূল্যে ভেজাল পণ্য কিনে সম্মুখীন হচ্ছেন প্রতারণা ও স্বাস্থ্যঝুঁকির।
অভিযানে দেখা গেছে, ইমামী বাংলাদেশ লিমিটেড গাজীপুরে নিজস্ব কারখানায় এই ‘নবরত্ন’ ব্র্যান্ডের মানসম্মত পণ্য বৈধভাবে উৎপাদন করছে, যা বাজারের অবৈধ পণ্যের চেয়ে কম মূল্যে কেনা সম্ভব। অধিকাংশ ভোক্তা এই তথ্যটি জানেন না, একই ব্র্যান্ডের আসল পণ্য দেশেই উৎপাদিত ও বাজারজাত হচ্ছে বৈধ উপায়ে।
প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ ভোক্তা ও বৈধ ব্যবসায়ীরা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভোক্তা অধিকার রক্ষায় অব্যাহত থাকবে এ ধরনের অভিযান।



