এইউবিতে আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সংগৃহীত ছবি
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ক্লেমন-এইউবি আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে সূচনা হয় প্রতিযোগিতার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্লেমন স্পোর্টসের সিওও খালেদ মাসুদ পাইলট। তার উপস্থিতি খেলোয়াড়দের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।
প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশারফ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. সায়েদা আক্তার বেগম এবং ডিন ড. মুহাম্মাদ জাফার সাদেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ মোতালিব চৌধুরী, স্টুডেন্টস অ্যাফেয়ার্স পরিচালক মোহাম্মদ সোলেমান, স্পোর্টস ক্লাবের মডারেটর আরিফ খান এবং ক্লেমন স্পোর্টসের কর্মকর্তারাও।
ঢাকা বিভাগের ২৪টি কলেজের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের জন্য বিবেচিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে। আয়োজকরা জানালেন, এই প্রতিযোগিতা খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি সহায়তা করবে পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে।
উদ্বোধনী ম্যাচ ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল মাঠ।
টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



