বৈদেশিক বাণিজ্যে ব্র্যাক ব্যাংকের রেকর্ড

সংগৃহীত ছবি
ঢাকায় এক মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করে নতুন মাইলফলক গড়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির ইতিহাসে প্রথমবারের মতো এ অর্জন হয়েছে বলে বুধবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, শক্তিশালী বৈদেশিক মুদ্রা সক্ষমতা, গ্রাহককেন্দ্রিক সেবা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে। আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করা, গ্রাহক সম্পর্ক উন্নয়ন এবং সেবার মান বাড়াতে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ঢাকায় প্রধান কার্যালয়ে এ অর্জন উদ্যাপনে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রেফাত উল্লাহ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারেক রেফাত উল্লাহ খান উল্লেখ করেছেন, এক মাসে ১ বিলিয়ন ডলারের বেশি আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করা গ্রাহকদের আস্থা এবং বড় পরিসরে সেবা দেওয়ার সক্ষমতার প্রতিফলন। শক্তিশালী বৈদেশিক মুদ্রা অবস্থান, শৃঙ্খলাপূর্ণ কার্যক্রম এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক বাণিজ্য সেবা আরও দ্রুত ও কার্যকর করেছে বলেও তিনি জানান। গতি, নির্ভরযোগ্যতা ও মানসম্মত সেবা নিশ্চিত করে দেশের শীর্ষ ট্রেড ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই লক্ষ্য বলে তার ভাষ্য।
ব্যাংকটির কর্পোরেট ব্যাংকিং কৌশলে ওয়ান-স্টপ ট্রেড সার্ভিস মডেল এবং সম্পর্কভিত্তিক ব্যাংকিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৈদেশিক মুদ্রা তারল্য সহায়তা, ব্যবসা ও অপারেশনের সমন্বয় এবং ধারাবাহিক ডিজিটাল উদ্ভাবন গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটিকে নির্ভরযোগ্য ট্রেড অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বর্ধমান ট্রেড গ্রাহকদের সেবা দিতে প্রধান কার্যালয়ে একটি বিশেষ ক্লায়েন্ট সার্ভিস ইউনিট চালু রয়েছে, যা একক যোগাযোগ পয়েন্টের মাধ্যমে সেবা দেয়। পাশাপাশি বিশেষায়িত ট্রেড ডেভেলপমেন্ট টিম আন্তর্জাতিক বাণিজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে।
২০০১ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে অর্থায়নকে অগ্রাধিকার দিয়ে যাত্রা শুরু করা ব্র্যাক ব্যাংক বর্তমানে দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধিশীল ব্যাংক। কর্পোরেট ও খুচরা উভয় খাতে সেবা দিয়ে ব্যাংকটি সুশাসন, স্বচ্ছতা ও আর্থিক সক্ষমতায় শক্ত অবস্থান তৈরি করেছে।



