সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা শেয়ারবাজারে

গ্রাফিক্স: আগামীর সময়
এক দিনের ব্যবধানে সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস সূচকের পতন না হলেও খরা ছিল লেনদেনে। হাজার কোটি টাকা লেনদেনের এক দিন পরেই কমেছে লেনদেন।
বৃহস্পতিবার দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .০০৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৬৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৪ কোটি ৬২ লাখ টাকা, যা আগের কার্যদিবস থেকে ১৭১ কোটি ৭৪ লাখ টাকা কম।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির দর। আর লেনদেন হয়েছে ২১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৬৮ লাখ ১৩ হাজার টাকার। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার টাকার। ২৭ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, একমি পেস্টিসাইডস, সিনোবাংলা, অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স, পিপলস ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্স।
শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। ৩ কোটি ৪৮ লাখ টাকার ২ লাখ ৬৬ হাজার ৪৪৬টি শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটি।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এপেক্স ট্যানারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটির লেনদেন হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকার ২ কোটি ২৩ লাখ ৬২৩ হাজার ২৯২টি শেয়ার। তালিকার ৩য় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ইস্টল্যান্ডের ৭.০৪ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৬.৮২ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৬.৪৯ শতাংশ, সিনোবাংলার ৬.১৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫.৫৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৫.২৭ শতাংশ ও এপেক্স ফুডের শেয়ার দর বেড়েছে ৫.২৪ শতাংশ।



